
ত্রিপুরাজুড়ে ফের জারি আবহাওয়ার সতর্কতা। আগামী কয়েকদিন ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ আর দমকা হাওয়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে রাজ্যজুড়ে। উত্তর থেকে সিপাহিজলা একাধিক জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কোথাও জল জমার আশঙ্কা, কোথাও আবার গাছ পড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা। প্রশ্ন উঠছে— এই দুর্যোগ কতটা ভয়াবহ হতে পারে? আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৯ মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ত্রিপুরা, উনকোটি, ধলাই, খোয়াই, পশ্চিম এবং সিপাহিজলা জেলায় জারি হয়েছে সতর্কতা। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। প্রশাসনের আশঙ্কা—ভারী বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমতে পারে। ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়তে পারে গাছ। ব্যাহত হতে পারে বিদ্যুৎ পরিষেবাও। নদী সংলগ্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। আবহাওয়া দফতরের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ কিংবা গাছের নিচে আশ্রয় না নেওয়ার আবেদন জানানো হয়েছে। মৎস্যজীবীদেরও নদী ও জলাশয়ে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দফতরকে রাখা হয়েছে সতর্ক অবস্থায়। কিন্তু প্রশ্ন একটাই—এই বৃষ্টি কি শুধু সাময়িক দুর্ভোগ,নাকি অপেক্ষা করছে আরও বড় বিপর্যয়? আকাশের এই অস্বাভাবিক বদল… শুধুই মৌসুমি খেলা, নাকি ত্রিপুরার দিকে ধেয়ে আসছে আরও বড় দুর্যোগ? নজর এখন সবার আবহাওয়ার পরবর্তী আপডেটের দিকে