
মোহনপুরের সিমনা বিধানসভার সিমনা গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে চরম বিদ্যুৎ সংকটে নাজেহাল তিনটি গ্রাম— পূর্ব কুনারঘাট, মধ্য কুনারঘাট ও উত্তরপাড়া। অভিযোগ, বিগত দেড় বছরে একের পর এক তিনটি ট্রান্সফরমার বিকল হলেও স্থায়ী সমাধান মেলেনি। গ্রামবাসীদের দাবি, এলাকার বিদ্যুৎ চাহিদার তুলনায় কম ক্ষমতার ট্রান্সফরমার বসানো হয়েছে। ফলে কিছুদিন পরপরই বিকল হয়ে পড়ছে ট্রান্সফরমার। বর্তমানে লাগানো ট্রান্সফরমারটিও খারাপ হয়ে যাওয়ায়, পানীয় জল প্রকল্পের ট্রান্সফরমার থেকে অস্থায়ী সংযোগ দেওয়া হয়েছে। এলাকার হাইটেনশন লাইনের ঝুলন্ত তার এখন গ্রামবাসীদের আতঙ্কের কারণ। বিদ্যুতের সমস্যায় পড়ুয়াদের পড়াশোনা থেকে শুরু করে অসুস্থ রোগীদের চিকিৎসা— সবকিছুতেই দেখা দিয়েছে চরম দুর্ভোগ। বারবার ট্রান্সফরমার বিকল, ঝুলন্ত হাইটেনশন লাইন আর অন্ধকারে ডুবে থাকা তিন গ্রাম… তাহলে কি বড় কোনও দুর্ঘটনার অপেক্ষায় প্রশাসন? নাকি বিপদ ঘটার পরই নড়েচড়ে বসবে বিদ্যুৎ দপ্তর?