
সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানালেন টিটিএএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা। বৃহস্পতিবার খুমুলুঙে প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত মিডিয়া কর্মশালায় এই আহ্বান জানান তিনি। খুমুলুঙের কৃষি দপ্তরের পিও ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন সিইএম রুনিয়েল দেববর্মা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন টিটিএএডিসির এমডিসি জিতেন দেববর্মা, খুমুলুঙ প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব বিষু কর্মকার, অবসরপ্রাপ্ত সহকারী অধিকর্তা দেবাশিস লোধ এবং পিআইবি ত্রিপুরার সহকারী অধিকর্তা পিনাকী সরকার। বক্তব্য রাখতে গিয়ে সিইএম বলেন, সামাজিক সমস্যা ও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণের উপর গুরুত্ব দেন খুমুলুঙ প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা। কর্মশালায় নেশামুক্ত ভারত, জনগণনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা—এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন জেলা ও মহকুমার প্রেস ক্লাবের প্রতিনিধি, সাংবাদিক, সংবাদ উপস্থাপক এবং ক্যামেরা পার্সনরা অংশগ্রহণ করেন। প্রায় ১০০ জন সাংবাদিক অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করলেও আসনসংখ্যার সীমাবদ্ধতার কারণে ৩৫ থেকে ৪০ জনকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি। সাংবাদিকদের যোগাযোগ বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সামাজিক সচেতনতা প্রসারে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।