
আগামী ২৭ নভেম্বর রাজ্যের পৌর নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে গোমতী জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। উদয়পুর পৌর পরিষদ ও অমরপুর নগর পঞ্চায়েতের মোট ৪৭টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। গোমতী জেলার পুলিশ সুপার অনির্বাণ দাস জানান, ৪৭টি কেন্দ্রের মধ্যে ২১টিকে হাই ক্রিটিক্যাল ইনডেক্স বা HCI এবং ২৬টিকে সিকিউরিটি থ্রেট পারসেপশন বা STP বিভাগে চিহ্নিত করা হয়েছে। HCI কেন্দ্রগুলিতে চারজন করে TSR জওয়ান এবং STP কেন্দ্রগুলিতে দুজন TSR জওয়ানের পাশাপাশি দুজন পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। এছাড়াও জেলার নিরাপত্তায় ৪৫০-র বেশি TSR ও পুলিশ কর্মী এবং আধিকারিক দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যেই তিন কোম্পানি CRPF জেলায় পৌঁছেছে। গুরুত্বপূর্ণ স্থানে পিকেট ডিউটির পাশাপাশি বিভিন্ন এলাকায় টহলদারি চালাবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।