
পড়াশোনার স্বপ্ন নিয়ে সুদূর রাজস্থান থেকে ত্রিপুরায় এসেছিলেন তিনি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসেই ঘটল মর্মান্তিক পরিণতি। লেম্বুছড়ার কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেল থেকে উদ্ধার হলো এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃত ছাত্রের নাম কৃষ্ণ শর্মা। তিনি বি.এ. দ্বিতীয় বর্ষের ছাত্র এবং রাজস্থানের চুরু এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টা নাগাদ ঘটনাটি সামনে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লেফুঙ্গা থানার পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। কোনও ব্যক্তিগত কারণ, নাকি অন্য কোনও বিষয় জড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য।