ত্রিপুরা
img

ভোটের প্রস্তুতি সম্পন্ন, ইভিএম নিয়ে কেন্দ্রে রওনা ভোটকর্মীরা

আগামীকাল ২৭ নভেম্বর রাজ্যের পৌর নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে উদয়পুর মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার উদয়পুরের কিরীট বিক্রম ইনস্টিটিউশনস্থিত নির্ধারিত ডিসপ্যাচ সেন্টার থেকে ইভিএম ও ভোটগ্রহণের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোটকর্মীরা। উদয়পুর পুর পরিষদের ২৩টি ওয়ার্ডের মোট ৩৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন ভোটকর্মীদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বণ্টন এবং ইভিএম হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়। মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার ত্রিদিব সরকার জানান, প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে সমস্ত ভোটকর্মী পুনরায় ডিসপ্যাচ সেন্টারে ফিরে আসবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে গোটা পরিস্থিতির উপর রাখা হবে কড়া নজরদারি। পাশাপাশি সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন রিটার্নিং অফিসার ত্রিদিব সরকার।