
গ্রামের উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা চলাকালীন পঞ্চায়েত কার্যালয়েই উপপ্রধানের উপর হামলার অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মাতাবাড়ি আর.ডি. ব্লকের পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতে। রবিবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও সদস্যদের উপস্থিতিতে গ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন ব্যক্তি সভাস্থলে এসে উপপ্রধান উত্তম দাসের উপর অতর্কিত হামলা চালায়। পাশাপাশি অন্যান্য পঞ্চায়েত সদস্যদেরও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত উপপ্রধানকে চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। এদিকে, এই ঘটনায় রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উত্তম দাস। অভিযোগে পূর্ব কুঞ্জবনের জুটন সরকার এবং কুঞ্জবনের লিটন দাসের নাম উল্লেখ করা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।