
মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য! সিধাই থানার অন্তর্গত তারানগর ও নোয়াগাঁও এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ১৬ নভেম্বর সোমবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলে এই অভিযান। মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাশগুপ্তের নেতৃত্বে অভিযানে অংশ নেন সিধাই থানার ওসি ও পুলিশকর্মীরা। পাশাপাশি ছিল ১০৪ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এবং নবম ব্যাটালিয়ন টিএসআরের জওয়ানরা। অভিযান চলাকালীন মোট ১৭টি গাঁজা চাষের প্লটে তল্লাশি চালানো হয়। প্রায় আট একর জমিজুড়ে বিস্তৃত বাগান থেকে আনুমানিক ৪৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাশগুপ্ত জানান, অবৈধ গাঁজা চাষ ও মাদক কারবারের বিরুদ্ধে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।