
ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মনগরেও পালিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন উৎসব ছট পূজা। রবিবার সন্ধ্যায় ধর্মনগর রেলস্টেশন সংলগ্ন রেল দপ্তরের পুকুরে আয়োজিত হয় এই পূজা। এ উপলক্ষে পুকুরপাড়ে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। পূজাস্থলে উপস্থিত হন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী এবং ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী প্রদ্যুৎ দে সরকার। তাঁরা ব্রত পালনকারী ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, চার দিনব্যাপী এই উৎসবে সূর্যদেব ও ছটী মাতার আরাধনা করা হয়। পরিবারের সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় ভক্তরা অস্তগামী ও উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মনগরে ছট পূজাকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।