
কালীপুজো দেখতে ধর্মনগর যাওয়াই কাল হলো পরিবারের! বাড়ি ফাঁকা থাকার সুযোগে দরজা ভেঙে লক্ষাধিক টাকার সামগ্রী লুট করে পালাল চোরের দল। ঘটনা কাঞ্চনপুর শহর সংলগ্ন সুব্রতনগর এলাকার। জানা যায়, পেশায় ঠিকাদার ব্রজেন্দ্র নাথ সোমবার পরিবারের সদস্যদের নিয়ে ধর্মনগরে কালীপুজো দেখতে যান। বুধবার দুপুরে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, ঘরের দরজা ভাঙা এবং ভিতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এরপর আলমারি পরীক্ষা করতেই সামনে আসে চুরির ঘটনা। অভিযোগ, তাঁর মেয়ের দুই ভরি স্বর্ণালংকার, ছেলের একটি ট্যাব এবং বাড়িতে রাখা নগদ তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। ঘটনার পরই কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক। এদিকে, দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় সুব্রতনগর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এখন দেখার, পুলিশ কত দ্রুত চুরির কিনারা করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারে।