
উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবায় নতুন সংযোজনের উদ্যোগ।ঊনকোটি জেলা হাসপাতালের পাশেই গড়ে উঠতে পারে ৫০ শয্যাবিশিষ্ট ক্যানসার হাসপাতাল। গত বুধবার দুপুরে প্রস্তাবিত জমি পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়। এদিন তাঁর সঙ্গে ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক শির্ষেন্দু চাকমা, জেলা হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ রোহন পাল-সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী জানান, হাসপাতাল স্থাপনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে জমি পরিদর্শন করা হয়েছে। খুব শীঘ্রই প্রস্তাবিত জমির সার্ভে করে তৈরি করা হবে বিস্তারিত প্রকল্প প্রতিবেদন বা DPR। এই হাসপাতাল বাস্তবায়িত হলে ঊনকোটি, উত্তর ত্রিপুরা এবং ধলাই জেলার ক্যানসার আক্রান্ত রোগীরা বিশেষভাবে উপকৃত হবেন। বর্তমানে উন্নত ক্যানসার চিকিৎসার জন্য বহু রোগীকে আগরতলায় যেতে হয়। কৈলাসহরে এই হাসপাতাল গড়ে উঠলে দূরবর্তী জেলার রোগীদের চিকিৎসার জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। তবে প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। জমি সমীক্ষা ও DPR তৈরির পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।