
ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ধর্মনগর–কৈলাসহর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কাকভোরে পাথরবোঝাই ছয় চাকার টিপার গাড়িটি ভগবাননগর এলাকায় জাতীয় সড়কের পাশে দাঁড় করানো ছিল। ঠিক সেই সময় ধর্মনগরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা টিপারটিকে। ধাক্কার প্রচণ্ড অভিঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে যায় টিপার গাড়িটি। তবে বড়সড় বিপদ থেকে রক্ষা পান টিপারের চালক। জানা গেছে, দুর্ঘটনার সময় তিনি গাড়ির ভেতরে ছিলেন না। ফলে নিশ্চিত বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পান। এদিকে, দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ভগবাননগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জাতীয় সড়কে যানবাহনের বেপরোয়া গতি এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনিক নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং পলাতক ডাম্পার চালকের পরিচয় এখনও নিশ্চিত নয়।