
কালীপুজোকে কেন্দ্র করে ধর্মনগর শহরে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। আর সেই ভিড় সামাল দিতে যান চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে ট্রাফিক পুলিশ।কালীপুজোর উৎসবের মরশুমে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে যানজট নিয়ন্ত্রণে জোরদার অভিযান চালাচ্ছে আরক্ষা প্রশাসন ও ট্রাফিক পুলিশ। দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকায় শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে কার্যকর করা হয়েছে নো এন্ট্রি ব্যবস্থা। কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করে একাংশের বাইক চালক, টমটম ও ই-রিকশা চালক নিষিদ্ধ রাস্তা দিয়ে শহরে প্রবেশ করছেন বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই তৎপর হয় ট্রাফিক পুলিশ। নো এন্ট্রি ভেঙে শহরে প্রবেশকারী যানবাহন আটক করে জরিমানা করার পাশাপাশি নেওয়া হচ্ছে আইনানুগ পদক্ষেপ। এমনকি নিয়ম ভঙ্গকারী কয়েকটি টমটম আটক করে লক করার ব্যবস্থাও করা হয়েছে। ট্রাফিক পুলিশের এই অভিযানে শহরের যান চলাচল নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সাধারণ মানুষ ও দর্শনার্থীদের একাংশ। পাশাপাশি উৎসবের আনন্দকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।