
আলোর উৎসব দীপাবলির সূচনা হতেই উৎসবের আবহে সেজে উঠেছে ত্রিপুরার ঐতিহ্যবাহী তীর্থস্থান উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির। দীপাবলির প্রথম দিনেই মায়ের দর্শন পেতে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহিরাজ্য থেকেও ভক্তদের ঢল নেমেছে মাতাবাড়িতে। সকাল থেকেই মন্দির চত্বরে চোখে পড়ছে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। ভক্তদের বিশ্বাস, দীপাবলির এই পুণ্যক্ষণে মায়ের দর্শন ও আশীর্বাদ লাভে পূর্ণ হয় মনস্কামনা। মাকে দর্শন করতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অপেক্ষা করতে দেখা যাচ্ছে অসংখ্য ভক্তকে। মন্দির চত্বরজুড়ে ভক্তি, আবেগ আর উৎসবের মেলবন্ধনে তৈরি হয়েছে এক অন্যরকম পরিবেশ। সব মিলিয়ে দীপাবলির প্রথম দিনেই মাতাবাড়ি যেন পরিণত হয়েছে ভক্তির এক মহামিলনক্ষেত্রে।