ত্রিপুরা
img

চলন্ত বাইকে সেলফি, দুর্ঘটনায় আহত তিন, বিপাকে যুবতী

চলন্ত বাইকে মোবাইলে সেলফি তোলার মাশুল গুনতে হলো তিনজনকে! পথচারীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বাইক চলন্ত বাইকে সেলফি তোলার সময় অসাবধানতা, আর তার জেরেই পথ দুর্ঘটনা। শনিবার জোলাইবাড়ির সাগরঢেবা ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা। জানা যায়, TR-01-BB-7567 নম্বরের একটি বাইকে উদয়পুরের দিক থেকে সাচিরামবাড়ি ধনঞ্জয় পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলেন মহোত্তম দেবনাথ ও ২০ বছর বয়সি তমান্না বণিক। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাইকে থাকা অবস্থায় সেলফি তুলতে গিয়েই পথচলতি ৭৩ বছর বয়সি সুভাষচন্দ্র দত্তকে ধাক্কা মারেন তাঁরা। সংঘর্ষের পর বাইক থেকে ছিটকে পড়ে আহত হন তিনজনই। এর মধ্যে তমান্না বণিকের কপালে গভীর আঘাত লাগে এবং মুখের দুটি দাঁত সম্পূর্ণ ভেঙে যায়। আরও একটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। অন্যদিকে আহত বৃদ্ধ সুভাষচন্দ্র দত্তকেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেই সময় সাব্রুম থেকে বিলোনিয়াগামী সাংবাদিক প্রসেনজিৎ বৈদ্য আহতদের উদ্ধার করে নিজের গাড়িতে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের প্রাথমিক চিকিৎসা ও ড্রেসিং করেন। যুবতীর শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁকে দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জোলাইবাড়ি আউটপোস্টের পুলিশ। চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার ও সেলফি তোলার বিপজ্জনক প্রবণতা নিয়ে ফের সামনে এল সড়ক নিরাপত্তার প্রশ্ন।