
পুর ও নগর সংস্থা নির্বাচন ঘিরে মনোনয়ন জমা নিয়ে তৈরি হওয়া বিতর্কে বড় বার্তা রাজ্য নির্বাচন কমিশনের। আসন্ন পুর ও নগর সংস্থা নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা, নিরাপত্তা ব্যবস্থা এবং সময়সীমা বৃদ্ধি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখলেন রাজ্য নির্বাচন কমিশনার পিকে চক্রবর্তী। তিনি জানান, হাইকোর্টের নির্দেশ আসার আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। আরবান ডেভেলপমেন্ট দপ্তরের আধিকারিকদের পাশাপাশি সংশ্লিষ্ট জেলা মিউনিসিপ্যাল অফিসার ও রিটার্নিং অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথেও পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের জন্য পুলিশ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। কমিশনার আরও জানান, সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে লিখিত রিপোর্ট পেয়েছে কমিশন। রিটার্নিং অফিসাররা রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন এবং নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখেছেন। তবে রিপোর্ট অনুযায়ী, কোনও প্রার্থী সরাসরি রিটার্নিং অফিসারের চেম্বারে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করেননি। অন্যদিকে, মনোনয়ন জমার সময়সীমা বাড়ানোর সম্ভাবনা খারিজ করে পিকে চক্রবর্তী স্পষ্ট জানান, হাইকোর্টের নির্দেশে সময়সীমা বৃদ্ধির কোনও কথা বলা হয়নি। কমিশনের পক্ষ থেকেও মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা ছিল না বলে দাবি করেন তিনি।