
আলোর রোশনাই, ভক্তির আবহ আর উৎসবের আনন্দ—সব মিলিয়ে দীপাবলিকে স্বাগত জানাতে প্রস্তুত ইন্দ্রনগর জয় মা কালী সন্তান সংঘ মন্দির। আগামী ৭, ৮ ও ৯ নভেম্বর, টানা তিন দিন ধরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য দীপাবলি উৎসব। ইতিমধ্যেই মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে আলোকসজ্জা ও নানা আয়োজনের মধ্য দিয়ে। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ, উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা, লোকসভা ও রাজ্যসভার সাংসদদের। তাঁদের উপস্থিতিকে ঘিরেও বাড়তি উৎসাহ তৈরি হয়েছে উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ধর্মীয় আবহের পাশাপাশি এই উৎসব যে মিলনমেলার রূপ নেবে, তেমনটাই প্রত্যাশা আয়োজকদের। এখন অপেক্ষা ৭ নভেম্বরের, যখন আলোর উৎসবে নতুন সাজে সেজে উঠবে ইন্দ্রনগর জয় মা কালী সন্তান সংঘ মন্দির।