ত্রিপুরা
img

২০ টাকার পার্কিং ফি ঘিরে আগরতলা স্টেশনে মহিলা যাত্রীকে মারধরের অভিযোগ

মাত্র ২০ টাকা পার্কিং ফি! আর সেই টাকা দাবি করাকে কেন্দ্র করেই আগরতলা রেলস্টেশনে মহিলা যাত্রীর সঙ্গে পার্কিং বিভাগের কর্মীদের বচসা থেকে মারধরের অভিযোগ। ঘটনাকে ঘিরে স্টেশন চত্বরে ছড়ায় উত্তেজনা। অভিযোগকারী নীলাঞ্জনা ভট্টাচার্যের দাবি, তিনি যে অটো থেকে নেমেছিলেন, সেটি নির্দিষ্ট পার্কিং এলাকায় দাঁড় করানো হয়নি। স্টেশনের প্রবেশপথ থেকে প্রায় ৫০ মিটার দূরে অটোটি থামানো হলেও তাঁর কাছে ২০ টাকা পার্কিং ফি দাবি করা হয়। কেন এই ফি নেওয়া হচ্ছে, তা জানতে চেয়ে তিনি নিয়ম ও নির্দেশিকা দেখতে চান। অভিযোগ, এরপরই এক মহিলা কর্মী তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং তাঁকে ধাক্কা দেন। এমনকি অশালীন ভাষায় গালিগালাজ, চুল ধরে টানাটানি ও মারধরের অভিযোগও তুলেছেন তিনি। মোবাইলে ভিডিও করতে গেলে ফোন ভেঙে দেওয়ার হুমকি এবং কর্মীর পরিচয়পত্রের ভিডিও করতে গেলে সেটি কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে। নীলাঞ্জনার আরও দাবি, ঘটনাস্থলে বহু যাত্রী উপস্থিত থাকলেও কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি। এই ঘটনার জেরে তাঁর নির্ধারিত ট্রেন মিস হয় এবং কর্মস্থলেও সময়মতো পৌঁছাতে পারেননি তিনি। ইতিমধ্যে গোটা ঘটনা জানিয়ে অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন নীলাঞ্জনা ভট্টাচার্য। তবে অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট পার্কিং কর্তৃপক্ষ বা রেল প্রশাসনের বক্তব্য এখনও জানা যায়নি।