
আনন্দঘন বাৎসরিক অনুষ্ঠান শেষে খাবার খেয়েই অসুস্থ শিশু-সহ একাধিক SHG কর্মী! ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চনপুর মহকুমায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা যায়, সোমবার দশদা টাউন হলে দশদা আর.ডি. ব্লক পরিচালিত দেড়গাং CLF-এর বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কাঞ্চনপুর শহরের ‘আবার খাবো’ নামের একটি রেস্টুরেন্ট থেকে আনা প্যাকেটজাত দম বিরিয়ানি খাওয়ার পর ১০ জন SHG কর্মী ও তাঁদের সঙ্গে আসা চার শিশু অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। অসুস্থদের মধ্যে কয়েকজনকে সোমবার রাতেই দশদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর কয়েকজন বাড়ি ফিরলেও মঙ্গলবার পর্যন্ত দুই শিশুসহ মোট পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিন CLF-এর আধিকারিকরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন। অন্যদিকে, খাবারের গুণগত মান ও সরবরাহ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও ঠিক কী কারণে অসুস্থতার ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়। দশদা আর.ডি. ব্লকের বিডিও জানিয়েছেন, গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট রেস্টুরেন্টে অভিযান চালানোর পাশাপাশি অসুস্থদের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত শেষ হওয়ার আগে কোনও রেস্টুরেন্টকে ঘটনার জন্য দায়ী করা যাবে না বলেও স্পষ্ট করেছেন বিডিও।