ত্রিপুরা
img

পাহাড়ি জমিতে কমলা চাষ, স্বনির্ভরতার নজির হাম বাহাদুরের

পাহাড়ি মাটিতে কমলা চাষ করেই স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন বাগমা বিধানসভা কেন্দ্রের কিল্লা ব্লকের উত্তর বড়মুড়ার দার্জিলিংবাড়ি এলাকার চাষি হাম বাহাদুর মলসম। গত পাঁচ বছর ধরে সাত কানি জমিতে কমলা বাগান গড়ে তুলেছেন তিনি। বর্তমানে তাঁর বাগানে ২৫০টি গাছ ফল দেওয়ার উপযোগী, পাশাপাশি আরও প্রায় ৩৫০টি গাছ পরিপক্বতার পথে। ছোট, মাঝারি ও বড়—তিন ধরনের কমলা উৎপাদন করে আকার অনুযায়ী প্রতি আলি ৩০, ৪০ ও ৫০ টাকা দরে কিল্লা বাজারে বিক্রি করছেন তিনি। কৃষি দপ্তরের পক্ষ থেকেও তাঁর কাছ থেকে এক হাজার কমলা কেনার অর্ডার দেওয়া হয়েছে বলে জানান হাম বাহাদুর। তাঁর দাবি, কমলা চাষ থেকে বছরে প্রায় তিন লক্ষ টাকা আয় হচ্ছে। প্রতিবছর ভালো মানের কমলা কৃষিমন্ত্রী রতনলাল নাথকেও উপহার দেন তিনি। তবে সাফল্যের মাঝেও এবছর আবহাওয়ার পরিবর্তন চিন্তা বাড়িয়েছে। পর্যাপ্ত কুয়াশার অভাব ও খরার প্রভাবে গাছ থেকে কাঁচা-পাকা কমলা ঝরে পড়ছে। উপযুক্ত স্প্রে বা ওষুধ না পাওয়ায় উৎপাদন কমে যাওয়ার আশঙ্কাও করছেন তিনি। তবুও সরকারি সহযোগিতা ও নিজের অভিজ্ঞতাকে ভরসা করে পাহাড়ি জমিতে কমলা চাষের সম্ভাবনা দেখছেন এই চাষি।