ত্রিপুরা
img

খোয়াই পৌরভোটে বাম-কংগ্রেসের পৃথক লড়াই স্পষ্ট

পৌর নির্বাচন ঘিরে একই জেলার দুই মহকুমায় দুই রকম রাজনৈতিক সমীকরণ। তেলিয়ামুড়ায় বাম-কংগ্রেসের যৌথ মিছিল ও আসন সমঝোতার ছবি সামনে এলেও খোয়াইয়ে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। কোনও আসন সমঝোতা ছাড়াই পৃথকভাবে নির্বাচনী লড়াইয়ে নামছে বাম ও কংগ্রেস। মঙ্গলবার খোয়াইয়ের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার রিমিতা সাহার কাছে কংগ্রেসের চার প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে ১২ নম্বর ওয়ার্ডে রঞ্জিত বর্ধন, ১১ নম্বরে পরিতোষ দাস, ৩ নম্বরে ঝুমা ভট্টাচার্য এবং ৮ নম্বর ওয়ার্ডে নিখিল চক্রবর্তী রয়েছেন। অন্যদিকে, বামফ্রন্টও খোয়াই পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডেই প্রার্থী দিয়ে মনোনয়ন দাখিল সম্পন্ন করেছে। গত ২ নভেম্বর ১৩টি ওয়ার্ডে মনোনয়ন জমা পড়েছিল। বাকি ৯ নম্বর ওয়ার্ডে মিহিকা চক্রবর্তী এবং ১৫ নম্বর ওয়ার্ডে নির্মল বিশ্বাস ওরফে সাধু মঙ্গলবার মনোনয়ন জমা দেন। ফলে খোয়াইয়ে বাম ও কংগ্রেসের পৃথক লড়াইয়ের ছবিই এখন স্পষ্ট। জেলার অন্য পৌর এলাকায় সমঝোতার নজির থাকলেও খোয়াইয়ের এই ভিন্ন রাজনৈতিক অবস্থান নির্বাচনী সমীকরণে নতুন আলোচনা তৈরি করেছে।