ত্রিপুরা
img

কুমারঘাটে দ্বিতীয় দফায় নয়টি মনোনয়ন জমা কংগ্রেসের

কুমারঘাট পুর পরিষদ নির্বাচন ঘিরে ক্রমশ জমে উঠছে রাজনৈতিক লড়াই। প্রথম দফায় সিপিআইএমের পাঁচটি মনোনয়নের পর এবার দ্বিতীয় দফায় নয়টি মনোনয়ন জমা দিল কংগ্রেস। মঙ্গলবার দলীয় কার্যালয় থেকে নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিয়ে পদযাত্রা করে মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছান কংগ্রেস প্রার্থীরা। সেখানে রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক শুভম মিনার কাছে নয়টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন তাঁরা। মনোনয়ন জমা দেওয়ার পর প্রদেশ কংগ্রেস সম্পাদক তরুণ সাহা জানান, নির্বাচনে জয়ী হলে কুমারঘাট পুর এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন পুরকরেও ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেবে দল। অন্যদিকে, রিটার্নিং অফিসার শুভম মিনা জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট ১৪টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে সিপিআইএমের পাঁচটি এবং কংগ্রেসের নয়টি। উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর রাজ্যের ২১টি পুরসভা ও নগর পঞ্চায়েতের সঙ্গে কুমারঘাট পুর পরিষদের ১৫টি আসনেও ভোটগ্রহণ হবে। মনোনয়ন জমাকে কেন্দ্র করে মহকুমা শাসক কার্যালয় ও সংলগ্ন এলাকায় রাজ্য পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। সব মিলিয়ে, মনোনয়ন পর্বেই কুমারঘাটে রাজনৈতিক তৎপরতা বাড়ছে।