ত্রিপুরা
img

ঘিলাতলী গণপিটুনিতে জলিল হত্যা, আত্মসমর্পণ দুই মূল অভিযুক্তের

ঘিলাতলীতে গরুচোর সন্দেহে গণপিটুনিতে জলিল রহমানের মৃত্যুর ঘটনায় অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করল দুই মূল অভিযুক্ত। সোমবার রাতে কল্যাণপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে তারা। এই চাঞ্চল্যকর মামলায় আগেই দু’জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ফলে আত্মসমর্পণকারী দুই অভিযুক্তকে নিয়ে মামলায় গ্রেপ্তার ও আটক হওয়া অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। উল্লেখ্য, সম্প্রতি কল্যাণপুর থানাধীন ঘিলাতলী এলাকায় গরুচোর সন্দেহে গণপিটুনির শিকার হন জলিল রহমান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য। দীর্ঘদিন মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়েও উঠেছিল প্রশ্ন। অবশেষে সোমবার রাতে দুই অভিযুক্তের আত্মসমর্পণের পর তাঁদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানিয়েছেন কল্যাণপুর থানার ওসি আশিস সরকার। মঙ্গলবার পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে তাঁদের আদালতে পেশ করার কথা। এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।