ত্রিপুরা
img

গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য

রাতভর নিখোঁজ থাকার পর সকালে কামেশ্বর নদীর পাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক ব্যক্তির দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা যায়, গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন পূর্ব বটরসি এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোবিন্দ চক্রবর্তী, পিতা মনীন্দ্র চক্রবর্তী। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ সকালে এক ব্যক্তি গরু নিয়ে নদীর পাড়ে গেলে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেহটি দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। এটি আত্মহত্যা, নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।