ত্রিপুরা
img

উমার বিদায়ের পর শ্যামার আগমনে মৃৎশিল্পীদের কর্মযজ্ঞ

উমার কৈলাস গমনের পর এবার মর্ত্যলোকে দেবী শ্যামার আবাহনের প্রস্তুতি। অমাবস্যার নিশিতে মহাশক্তির আরাধনাকে সামনে রেখে ফটিকরায়ের সায়দারপাড় ও রাজনগরে এখন প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে। এই শিল্পের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ কমলেও ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়ছেন ২৩ বছর বয়সি তরুণ মৃৎশিল্পী রুবেল মালাকার। মাত্র ১৫ বছর বয়স থেকে এই পেশায় যুক্ত রুবেল এবছর একাই তৈরি করেছেন ১৫টি কালী প্রতিমা। অন্যদিকে, রাজনগরের মৃৎশিল্পী সুমন রুদ্রপাল তৈরি করেছেন ২৫টি প্রতিমা। তবে তাঁর দাবি, গত বছরের তুলনায় চাহিদা কমেছে, বেড়েছে উপকরণের দাম। ফলে পরিশ্রমের তুলনায় লাভের অঙ্ক কমছে। তবুও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে নিরলস সাধনায় ব্যস্ত শিল্পীরা। তাঁদের নিপুণ হাতের ছোঁয়ায় মাটির কাঠামোয় ধীরে ধীরে মৃন্ময়ী রূপে আবির্ভূত হচ্ছেন দেবী শ্যামা।