
এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল ১৭ বছরের অন্তর সরকারের। কিন্তু প্যারালাইসিসে আক্রান্ত হয়ে আজ সে শয্যাশায়ী। গন্ডাছড়ার হরিপুর ১২ কার্ড এলাকার অন্তরের ২০২৬ সালের জানুয়ারিতে জিবিপি হাসপাতালে অস্ত্রোপচার হয়। পরিবারের দাবি, অস্ত্রোপচারের প্রায় এক মাস পর থেকেই তার পুরো শরীর প্যারালাইসিসে আক্রান্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নিয়ে যাওয়া প্রয়োজন, কিন্তু আর্থিক সংকটে তা সম্ভব হচ্ছে না। পেশায় রাজমিস্ত্রি বাবা রাজ কুমার সরকার ও মা মালতি সরকার ছেলের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সহৃদয় মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। তাঁদের স্বপ্ন, অন্তর আবার সুস্থ হয়ে স্কুলে ফিরুক, নিজের পায়ে দাঁড়াক।