
খোয়াইয়ের দুর্গানগরে এক সন্তানের জননী মনিকা দেবনাথের (৩৭) অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে বাড়ির পাশে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ফাঁসিতে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। প্রায় তিন-চার মাস আগে লক্ষণ পালের সঙ্গে বিয়ে হয়েছিল মনিকার। এর আগে তাঁর একবার বিয়ে হয়েছিল এবং আগের সংসারে রয়েছে ১৫ বছরের এক কন্যাসন্তান। ঘটনার তদন্তে মনিকার স্বামী লক্ষণ পালকে আটক করেছে পুলিশ বলে জানা গেছে। খোয়াই মহিলা থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।