
জন্মের পরই জঙ্গলে ফেলে যাওয়ার অভিযোগ এক নবজাতককে! কুমারঘাট মহকুমার পেঁচারথল হাসপাতাল সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হয়েছে একদিনের পুত্রসন্তান। শুক্রবার রাতে পেঁচারথল বাজারের দুর্গামণ্ডপ সংলগ্ন এলাকায় সমীর দেবের বাড়ির পাশের জঙ্গল থেকে শিশুর কান্না শুনতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সহায়তায় শিশুটিকে উদ্ধার করে পেঁচারথল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক জানান, প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার পর বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। শনিবার তাকে তুলে দেওয়া হয় ঊনকোটি জেলা শিশু সুরক্ষা ইউনিটের হাতে। ইউনিটের লিগ্যাল কাম প্রফেশনাল অফিসার সাগরদ্বীপ মালাকার জানান, আইনি প্রক্রিয়া মেনে শিশুটিকে হেফাজতে নেওয়া হয়েছে। মা-বাবার সন্ধান না পাওয়া পর্যন্ত সে শিশু সুরক্ষা ইউনিটের তত্ত্বাবধানেই থাকবে। পাশাপাশি, ঘটনা নিয়ে গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছেন তিনি। জঙ্গলে নবজাতক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেল, তা এখনও স্পষ্ট নয়। শিশুটির মা-বাবার পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দিকেই এখন নজর। আপাতত শিশু সুরক্ষা ইউনিটের তত্ত্বাবধানে রয়েছে একরত্তি শিশুটি।