
স্মার্ট সিটির রাস্তায় আবর্জনার স্তূপ! আগরতলার গোরখাবস্তির মূল সড়ক ভিআইপি রোডে রাস্তার উপর ছড়িয়ে থাকা আবর্জনা ঘিরে দেখা দিয়েছে দুর্ভোগ। অভিযোগ, জমে থাকা আবর্জনা থেকে গোটা এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। এর ফলে পরিবেশ দূষণের আশঙ্কার পাশাপাশি সমস্যায় পড়ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। স্মার্ট সিটি হিসেবে আগরতলার উন্নয়নের কথা বলা হলেও গুরুত্বপূর্ণ সড়কে এমন অপরিচ্ছন্নতার ছবি পুরনিগমের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছে। নিয়মিত আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে নজরদারি কতটা কার্যকর, তা নিয়েও উঠছে প্রশ্ন। স্থানীয়দের দুর্ভোগ কমাতে দ্রুত আবর্জনা পরিষ্কার এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর দাবি উঠছে। তবে এই বিষয়ে আগরতলা পুরনিগমের বক্তব্য জানা যায়নি।