ত্রিপুরা
img

কুমারঘাট রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পুজো অনুষ্ঠিত

দুর্গোৎসবের মহাষ্টমীতে ভক্তি ও শ্রদ্ধার আবহে ঊনকোটি জেলার কুমারঘাট রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হল কুমারী পুজো। ত্রিয়াংশি দাসকে কুমারী রূপে আসনে বসিয়ে সম্পন্ন হয় পুজোর আচার-অনুষ্ঠান। বেলুড় মঠের সিদ্ধান্ত পঞ্জিকা অনুসরণ করে প্রতিবছরের মতো এবারও এই পুজোর আয়োজন করে আশ্রম কর্তৃপক্ষ। আশ্রম কমিটির সম্পাদক চিরতোষ দাস জানান, দীর্ঘ ৪৩ বছর ধরে আশ্রমে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে এবং এবছর ছিল ২৫তম কুমারী পুজো। অন্যদিকে, আশ্রমের সদস্য ও ভক্ত নির্মলেন্দু দত্ত জানান, ১৯৮৪ সাল থেকে দুর্গাপুজো এবং ২০০২ সাল থেকে কুমারী পুজোর আয়োজন হয়ে আসছে। অষ্টমীর সকাল থেকেই পুজো দেখতে দূরদূরান্ত থেকে বহু ভক্ত আশ্রমে ভিড় জমান। আশ্রমের সদস্য ও ভক্তরা নিজেরাই পুজোর আয়োজন থেকে শুরু করে বিভিন্ন কাজে সহযোগিতা করেন। পুজো উপলক্ষে ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থাও রাখা হয়। ধর্মীয় পরম্পরা, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবের আবহে এদিন কুমারঘাট রামকৃষ্ণ সেবাশ্রমের কুমারী পুজো হয়ে ওঠে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।