
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হলো ধর্মনগর সেন্ট্রাল রোডের জলধারা। বৃহস্পতিবার ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তীর উদ্যোগে এই জলধারা পরিষেবার পুনরায় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আগে এক লিটার জল সংগ্রহ করতে এক টাকা দিতে হলেও এখন এক লিটার জল বিনামূল্যে পাওয়া যাবে। পাশাপাশি মাত্র পাঁচ টাকায় ২০ লিটার জল সংগ্রহের সুবিধাও থাকছে। দীর্ঘদিন ধরে জলধারাটি বিকল থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সমস্যায় পড়ছিলেন। সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর বিধায়ক জহর চক্রবর্তীর নজরে আসে এবং তাঁর উদ্যোগে পরিষেবাটি পুনরায় চালুর ব্যবস্থা করা হয়। উদ্বোধনের পর বিধায়ক নিজেও জল পান করে পরিষেবাটি পরীক্ষা করেন। জলধারা পুনরায় চালু হওয়ায় খুশি স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। তাঁদের আশা, আগামী দিনেও এই পরিষেবা নিয়মিত চালু থাকবে।