ত্রিপুরা
img

খোয়াইয়ে ২৪ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, ১৫ কোটির ভবনের ভূমিপূজন

খোয়াইয়ের পরিকাঠামোগত উন্নয়নে নতুন সংযোজন। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। একই সঙ্গে খোয়াই শহরে ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য বহুতল বাণিজ্যিক ভবন ও পার্কিং কমপ্লেক্সের ভূমিপূজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে খোয়াই শহরের সুভাষপার্ক বইমেলা মাঠে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা সমিত রায় চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, জেলাশাসক রজত পন্থ, জেলা পুলিশ সুপার ভোগতি জগদেশ্বর রেড্ডি, বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং মুখ্য সচেতক কল্যাণী রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রস্তাবিত বহুতল বাণিজ্যিক ভবন ও পার্কিং কমপ্লেক্স খোয়াইয়ের বাণিজ্যিক পরিকাঠামো সম্প্রসারণ এবং যানবাহন পার্কিংয়ের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শহরের পরিকাঠামোগত উন্নয়ন আরও গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।