
শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকায় নাম উঠবে, নাকি শেষ মুহূর্তে আইনি জটিলতায় আটকে যাবে প্রার্থীদের স্বপ্ন? একের পর এক মামলা, আদালতের ভিন্ন ভিন্ন রায় এবং যোগ্যতা ও নথি যাচাই নিয়ে বিতর্ক—সব মিলিয়ে ত্রিপুরা শিক্ষক নিয়োগ বোর্ড, অর্থাৎ টিআরবিটির ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কিন্তু ঠিক কোথায় তৈরি হচ্ছে এই আইনি জট? আর এর প্রভাবই বা কতটা পড়ছে চাকরিপ্রার্থীদের ভবিষ্যতে? দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন।
পরীক্ষায় উত্তীর্ণ, যোগ্যতার দাবিও রয়েছে—তবুও নিয়োগের পথ কেন বারবার আটকে যাচ্ছে? শিক্ষক নিয়োগকে ঘিরে একের পর এক আইনি জটিলতায় এখন এই প্রশ্নই সামনে আসছে।প্রতিবেদনে ২০১৮ সালের মিতালি রায় মামলা থেকে শুরু করে অঞ্জন দাস ও কেশব দাস-সহ একাধিক মামলার উল্লেখ রয়েছে। কোথাও প্রশিক্ষণ কোর্সের স্বীকৃতি, কোথাও যোগ্যতার নথি, আবার কোথাও টেট পরীক্ষার সময় প্রশিক্ষণরত প্রার্থীদের শংসাপত্র নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।আদালতের রায়ে কখনও প্রার্থীদের পক্ষে নির্দেশ এসেছে, আবার কখনও নিয়োগ প্রক্রিয়ার নির্দিষ্ট শর্ত নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে একই নিয়োগ ব্যবস্থায় বারবার আইনি চ্যালেঞ্জ তৈরি হওয়ায় টিআরবিটির নিয়ম, নথি যাচাই এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে বাড়ছে আলোচনা।প্রতিটি মামলার পেছনে রয়েছেন চাকরিপ্রত্যাশী মানুষ। বছরের পর বছর অপেক্ষা, মামলা পরিচালনার খরচ এবং মানসিক চাপ—সবকিছুর প্রভাব পড়ছে তাঁদের ভবিষ্যতের ওপর।