ত্রিপুরা
img

মা-শিশুর সুস্বাস্থ্যে পুষ্টি বার্তা, ফুলকুমারিতে বিশেষ কর্মসূচি

মা ও শিশুর পুষ্টি, সুস্বাস্থ্য এবং সঠিক পরিচর্যা নিয়ে সচেতনতা গড়ে তুলতে মাতাবাড়িতে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি। ‘সেবা থেকে দেশ সেবা’ এবং ‘২৫ বছর সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ত্রিপুরা মহিলা মোর্চার উদ্যোগে মাতাবাড়ি আইসিডিএস প্রজেক্টের ফুলকুমারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজন করা হয় ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচি। উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মৌসুমী দাস, গোমতী জেলা বিজেপি সভানেত্রী সবিতা নাগ, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস এবং গোমতী জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক বিপ্লব ঘোষ-সহ অন্যান্যরা। কর্মসূচিতে গর্ভবতী মায়েদের হাতে তুলে দেওয়া হয় পুষ্টিকর খাদ্যসামগ্রী। পাশাপাশি ছয় মাস থেকে ছয় বছর বয়সী শিশুদেরও দেওয়া হয় পুষ্টিকর খাবার। সুষম খাদ্যের গুরুত্ব, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ এবং মা ও শিশুর দৈনন্দিন পুষ্টির চাহিদা নিয়ে সচেতন করা হয় উপস্থিতদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী, প্রসূতি মা ও শিশুদের জন্য কী কী পরিষেবা দেওয়া হয়, সে বিষয়েও জানানো হয়।