

Oct 03, 2026
বিহারের সারণ জেলায় বন্যাদুর্গতদের আকাশপথে ত্রাণ বিলির সময় মর্মান্তিক ঘটনা। ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার থেকে ফেলা প্রায় ৫ কেজি ওজনের ত্রাণের প্যাকেট মাথায় পড়ে ৫৮ বছরের অনিলকুমার সিংহের মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি।যদিও এই ঘটনা নিয়ে গ্রামবাসীরা পুলিশের কাছে দু’রকম বয়ান দিয়েছেন। এক পক্ষের দাবি প্যাকেটের আঘাতেই মৃত্যু হয়েছে, অন্য পক্ষের অনুমান, কাছে ত্রাণের প্যাকেট পড়ার জেরে আচমকা হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। একই ঘটনায় হেলিকপ্টারের প্রবল হাওয়ায় উড়ে আসা ভাঙাচোরা জিনিসের আঘাতে আহত হয়েছেন এক মহিলা ও দুই শিশু। তবে মৃত্যুর কারণ নিয়ে ভিন্নমত থাকায় ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।