ত্রিপুরা
img

শান্তিরবাজারে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির দশম অধিবেশন

বর্ণাঢ্য শোভাযাত্রা, সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাসমারোহে শুরু হলো আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির দশম অধিবেশন-২০২৬। শনিবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মুকুট প্রেক্ষাগৃহের রক্তকরবী মঞ্চে এই অধিবেশনের উদ্বোধন হয়। প্রথমে প্রেক্ষাগৃহ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় অধিবেশনস্থলে এসে মিলিত হয়। এরপর জাতীয় পতাকা ও সমিতির পতাকা উত্তোলন এবং চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অধিবেশনের উদ্বোধন করেন বাইখোরা ইস্কন মন্দিরের প্রধান পরিচালক করুনেশ্বর মাধব দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সম্ভু মানিক, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট প্রাবন্ধিক অভিক কুমার দে, কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শ্রীমতী চক্রবর্তী, বিভিন্ন শাখার প্রতিনিধিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অধিবেশনের সংযোজক দিলীপ বণিক বলেন, মাতৃভাষা একটি জাতির পরিচয় ও অগ্রগতির অন্যতম ভিত্তি। বাংলা ভাষার প্রতি নতুন প্রজন্মের আকর্ষণ বাড়াতে অভিভাবকদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। দুদিনব্যাপী এই অধিবেশনে আলোচনা সভার পাশাপাশি সংগীত, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।