
রাতের অন্ধকারে রাবার বাগানে দুষ্কৃতীদের তাণ্ডব! রাবার চুরির পাশাপাশি একাধিক রাবার গাছ ক্ষতিগ্রস্ত করায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাগান মালিক। ঘটনাটি সাব্রুম রেলস্টেশন সংলগ্ন বসাকপাড়া এলাকার। বাগানের মালিক তথা সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী পশমি দে রায় চৌধুরীর দাবি, এই ঘটনায় আনুমানিক আড়াই থেকে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তাঁর আরও অভিযোগ, ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনের পরও একই ধরনের ঘটনা ঘটেছিল। এবারের নির্বাচনের পর পুনরায় এমন ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশনার এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন বাগান মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে সাব্রুম থানার পুলিশ। তদন্তে সহায়তার জন্য আনা হয় বিএসএফের ডগ স্কোয়াডও। সাম্প্রতিক সময়ে মহকুমায় রাবার চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে বাগান মালিকদের মধ্যে।