
আগামী ২৯ নভেম্বর থেকে লেক চৌমুহনী বাজারে শুরু হতে চলেছে ৬০তম শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন ও মহোৎসব। টানা ১১ দিন ধরে চলবে এই ধর্মীয় অনুষ্ঠান। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীচৈতন্য গৌড়ীয় মঠ ও শ্রীজগন্নাথ মন্দির, আগরতলার মঠ অধ্যক্ষ ত্রিদণ্ডীভিক্ষু শ্রীমদ স্বামী কমল বৈষ্ণব মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিদণ্ডীভিক্ষু শ্রীমদ স্বামী ভক্তিসুন্দর সাগর মহারাজ। উৎসব কমিটির সম্পাদক শ্যামল সাহা জানান, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই মহোৎসবের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রাজ্যের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে যোগ দিয়ে মহাপ্রভুর আশীর্বাদ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।