
শীতের আমেজ এখনও সেভাবে অনুভূত না হলেও আগেভাগেই বটতলায় বসেছে ভুটানি ব্যবসায়ীদের শীতবস্ত্রের বাজার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে রাজ্যে বাড়তে পারে শীতের অনুভূতি। প্রায় চার দশকেরও বেশি সময় ধরে আগরতলাবাসীর সঙ্গে গড়ে উঠেছে ভুটানি ব্যবসায়ীদের এক পরিচিত সম্পর্ক। প্রথমে দুর্গাবাড়ির উল্টোদিকে, পরে শিশু উদ্যান এবং বর্তমানে বটতলায় বসছে তাঁদের এই শীতের বাজার। প্রতিবছর ভুটান থেকে ৮ থেকে ১০টি পরিবার এসে সোয়েটার, জ্যাকেটসহ নানা ধরনের উলের শীতবস্ত্র নিয়ে পসরা সাজান। তবে এখনও শীতের তেমন প্রভাব না পড়ায় ক্রেতার অপেক্ষায় দিন কাটছে ব্যবসায়ীদের। এখন দেখার, শীতের পারদ নামার সঙ্গে সঙ্গে কতটা জমে ওঠে বটতলার এই পরিচিত শীতবাজার।