ত্রিপুরা
img

কল্যাণপুরে রাস্তা আটকে ড্রেন কাটার অভিযোগ ঘিরে উত্তেজনা

জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে জেসিবি দিয়ে ড্রেন কাটার চেষ্টা ঘিরে কল্যাণপুরের ছনখলা এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের চলাচলে বাধা দেওয়া হয় এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ড্রেন কাটার চেষ্টা চলে। প্রতিবাদে একজোট হন গ্রামবাসীরা। তাঁদের আরও অভিযোগ, বাগানের মালিকের পরিবারের এক ব্যক্তি লাঠি নিয়ে তেড়ে এসে ‘বাংলাদেশি’ বলে কটূক্তি করেন। তবে এই অভিযোগের স্বাধীনভাবে যাচাই হয়নি। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের নির্দেশে জেসিবি দিয়ে কাটা অংশ ভরাট এবং রাস্তার ওপর থাকা বাঁশের বেড়া সরিয়ে দেওয়া হয়। এরপর স্বাভাবিক হয় যাতায়াত। আগামী মঙ্গলবার গ্রামবাসীদের প্রতিনিধি, পাতাল কন্যা জমাতিয়া এবং প্রশাসনের উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।