
অন্য মহিলার সঙ্গে সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে সংসারে অশান্তি, এরপর স্ত্রীকে মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি আমতলী থানার মতিনগর এলাকার। গৃহবধূ তাঞ্জুয়ারা বেগমের অভিযোগ, প্রায় ১৬ বছর আগে শাহীন মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয় এবং তাঁদের এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ। সম্প্রতি অন্য এক মহিলাকে বাড়িতে নিয়ে আসার অভিযোগকে কেন্দ্র করে ফের অশান্তি শুরু হয়। পরে সালিশির মাধ্যমে বিষয়টি মেটানোর চেষ্টা হলেও শাহীন সেখানে উপস্থিত হননি বলে দাবি। তাঞ্জুয়ারার অভিযোগ, একপর্যায়ে স্বামী শাহীন মিয়া ও শাশুড়ি ঝামেলা খাতুন ঘরের দরজা বন্ধ করে তাঁকে মারধর করেন, প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন এবং তাঁর হাত ভেঙে দেন। শেষ পর্যন্ত শনিবার বিকেলে স্বামী শাহীন মিয়া ও শাশুড়ি ঝামেলা খাতুনের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করেন তাঞ্জুয়ারা বেগম। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তাঁর পরিবার। তবে অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ এবং অভিযুক্তদের বক্তব্য এখনও পাওয়া যায়নি।