ত্রিপুরা
img

যোগেন্দ্রনগরে গাঁজা-সহ এক পাচারকারী আটক

যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে গাঁজা-সহ এক সন্দেহভাজন পাচারকারীকে আটক করেছে শ্রীনগর থানার পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক ৯টা নাগাদ যোগেন্দ্রনগর রেলস্টেশনের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক ব্যক্তিকে। এরপর শ্রীনগর থানার এসআই নারায়ণ সেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে সন্দেহ আরও ঘনীভূত হলে তাঁর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। সেখান থেকে গাঁজার তিনটি প্যাকেট উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপরই বিষয়টি শ্রীনগর থানার ওসি বিষ্ণুচন্দ্র দাসকে জানানো হয়। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় আরও কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।