
দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে কাশীপুরে।
গতরাতে কাশীপুর অরবিন্দ সংঘের কাছে বাড়ি ফেরার পথে অনুপ কুমার সিংহ নামে এক ব্যক্তিকে কয়েকজন দুষ্কৃতী আটকে মারধর করে বলে অভিযোগ। পরিবারের দাবি, এরপর সাইলেন্সার লাগানো আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে গুলি তাঁর মাথায় লাগেনি বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে গেলে তাঁর কাছ থেকে প্রায় আড়াই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং নগদ ৫১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।ঘটনার খবর পেয়ে অনুপ কুমার সিংহের ছেলে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।এই ঘটনায় বুধবার পরিবারের পক্ষ থেকে বোধজংনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ঝুটন ঘোষ ও বীরেন্দ্র মজুমদারের নাম উল্লেখ করা হয়েছে। পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক।তবে গুলি চালানো, ছিনতাই এবং অভিযোগে নাম থাকা ব্যক্তিদের জড়িত থাকার বিষয়টি তদন্তসাপেক্ষ। অভিযুক্তদের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।