ত্রিপুরা
img

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে গুলিবিদ্ধ যুবক, উদয়পুরে উত্তেজনা

ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল উদয়পুরের মহারানী ওয়ারেংবাড়ি এলাকায়। নির্বাচনের দিনই গুলিবিদ্ধ হলেন ৩৬ বছর বয়সি এক উপজাতি যুবক খচিন্দ্র রিয়াং। স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।অন্যদিকে, নির্বাচনের দিন কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ভোটকেন্দ্র ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং কী কারণে এই গুলিচালনার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় এখনও রয়েছে উত্তেজনা।