
প্রধানমন্ত্রী জল জীবন মিশনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ ঘিরে এবার সাব্রুমে উঠল একাধিক অভিযোগ।সাব্রুম মহকুমার সাব্রুম নগর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে ডিডাব্লিউএস দপ্তরের অধীনে চলছে প্রধানমন্ত্রী জল জীবন মিশনের পাইপলাইন বসানোর কাজ। অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট গভীরতায় পাইপলাইন বসানোর কথা থাকলেও কোথাও কোথাও মাত্র এক থেকে দেড় ফুট গভীরতায় পাইপ বসানোর কাজ করা হচ্ছে। এতে কাজের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।শুধু পাইপলাইনের গভীরতাই নয়, নির্মাণ সামগ্রীর গুণমান নিয়েও অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, নিম্নমানের প্লাস্টিক পাইপ ব্যবহারের পাশাপাশি কিছু এলাকায় লোহার পাইপ বসানোর কাজ নিয়েও অনিয়মের প্রশ্ন রয়েছে। দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে কাজের মান নিয়ে আরও প্রশ্ন উঠছে বলে অভিযোগ এলাকাবাসীর।এদিকে পাইপলাইন বসানোর জন্য রাস্তার পাশে খোঁড়াখুঁড়ির কারণে দীর্ঘদিন ধরে যাতায়াতে সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। রাস্তার নিরাপত্তা এবং চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
স্থানীয়দের দাবি, উন্নয়নমূলক প্রকল্পের কাজ হোক নিয়ম মেনে এবং নির্ধারিত মান বজায় রেখে। একই সঙ্গে পাইপলাইনের গভীরতা, ব্যবহৃত সামগ্রীর গুণমান এবং রাস্তার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে প্রয়োজনে কাজের মান পরীক্ষা করার দাবি জানানো হয়েছে।