
আগরতলা শহরে সুষ্ঠু ও নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে নাগেরজলা বাসস্ট্যান্ডে জনসচেতনতা শিবিরের আয়োজন করল ট্রাফিক ইউনিট। শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক এসপি কান্তা জাংগির-সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। অটো, থ্রি-হুইলার, বাস, জিপ-সহ বিভিন্ন যানবাহনের চালক ও মালিকদের নিয়ে অনুষ্ঠিত হয় এই সচেতনতা শিবির।শহরে যানজটমুক্ত ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে সকলের সহযোগিতার প্রয়োজন বলে জানান ট্রাফিক এসপি। ট্রাফিক নিয়ম মেনে চলা, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং এবং অতিরিক্ত যাত্রী না তোলার বিষয়ে চালকদের সচেতন করেন তিনি। পাশাপাশি দুর্গাপূজাকে সামনে রেখে শহরে যানবাহনের চাপ বাড়ার সম্ভাবনা থাকায় এখন থেকেই সতর্ক থাকার আহ্বান জানান কান্তা জাংগির।শিবিরে চালক ও গাড়ির মালিকরাও তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বিষয়গুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। জনসাধারণের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে আগামী দিনেও এ ধরনের কর্মসূচি চলবে বলে জানিয়েছে দপ্তর।