ত্রিপুরা
img

কোয়াইফাং বাজারে বিজেপি–আইপিএফটির যৌথ নির্বাচনী প্রচার

আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের ১০টি ভিলেজে বিজেপি–আইপিএফটির সাংগঠনিক তৎপরতা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে কোয়াইফাং বাজারে বিজেপি ও আইপিএফটির যৌথ উদ্যোগে নির্বাচনী প্রচার মিছিল ও সভার আয়োজন করা হয়। প্রচার মিছিলটি বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পরে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি জোট মনোনীত প্রার্থীদের সমর্থনে ঐক্যবদ্ধভাবে প্রচারে নামার আহ্বান জানান। পাশাপাশি ভিলেজ স্তরে সংগঠন আরও শক্তিশালী করা, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনার ওপর গুরুত্ব দেন তিনি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, বিজেপি নেতা চাথই মগ, আইপিএফটি কেন্দ্রীয় কমিটির এজিএস হরিনাথ ত্রিপুরা, জেতিরাম ত্রিপুরা, জোলাইবাড়ি ডিভিশনাল কমিটির সভাপতি হারুন কুমার ত্রিপুরা, শম্ভুরাম ত্রিপুরা-সহ দুই দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। নির্বাচনের আগে এই যৌথ কর্মসূচির মাধ্যমে জোটের সাংগঠনিক সমন্বয় এবং প্রচার তৎপরতার বিষয়টি সামনে আনা হয়।