ত্রিপুরা
img

ধর্মনগরে এবিভিপির বিক্ষোভ, পথ অবরোধে তীব্র উত্তেজনা

এবিভিপি কার্যকর্তার বাবার উপর হামলার অভিযোগের প্রতিবাদে ধর্মনগরে ফের বিক্ষোভ। ধর্মনগর কলেজের ২২ সেপ্টেম্বরের ঘটনাকে কেন্দ্র করে এবিভিপি কার্যকর্তার বাবা সিদ্ধার্থ দেবের উপর হামলার অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ধর্মনগর জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান এবিভিপির ধর্মনগর নগর শাখার কার্যকর্তারা আন্দোলনকারীদের অভিযোগ, কলেজে ‘বর্ণালী গোস্বামী গো-ব্যাক’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই সিদ্ধার্থ দেবের উপর হামলা করা হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে ডিএম অফিস সংলগ্ন সড়ক অবরোধ করে স্লোগান দেন আন্দোলনকারীরা।এরপর বর্ণালী গোস্বামীর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়। ঘটনাকে কেন্দ্র করে ডিএম অফিস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আগামী ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বলে এবিভিপির দাবি। পুলিশের এই আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।এবিভিপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। তবে হামলার ঘটনায় কারা সরাসরি জড়িত এবং অভিযোগের সত্যতা কী, তা তদন্তের বিষয়।