
ধর্মনগরে বিজেপি জেলা কার্যালয়ে সংঘর্ষের ঘটনার পর এবার আহত মুন্না পালের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে বিজেপির জেলা কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষে মুন্না পাল আহত হয়েছিলেন বলে জানা যায়। পরে তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার রাতে মুন্না পালের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় জড়ো হন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ে ফের উত্তেজনা তৈরি হয়। বাড়িতে হামলার ঘটনায় কারা জড়িত এবং হামলার কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা খতিয়ে দেখার দাবি উঠেছে। আগের সংঘর্ষের ঘটনায়ও পুলিশের তদন্ত চলছে বলে জানা গেছে।