
বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে অভয়নগর রাজ্য পশুচিকিৎসা হাসপাতাল ও পলিক্লিনিকে আয়োজন করা হয় বিশেষ কর্মসূচির। এবছর “একসাথে আমরা আরও শক্তিশালী”—এই বার্তাকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস। দিবসটি উপলক্ষে পোষ্য ও অন্যান্য প্রাণীর জন্য বিনামূল্যে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। দপ্তর সূত্রে জানা যায়, বাজারে এই টিকার মূল্য প্রায় এক হাজার থেকে এক হাজার দুইশো টাকা হলেও সরকারি উদ্যোগে এদিন সম্পূর্ণ বিনামূল্যে টিকা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নিরাজ কুমার চঞ্চল, সহকারী অধিকর্তা বিমল কৃষ্ণ দাস, সহকারী অধিকর্তা সুজিত সাহা-সহ দপ্তরের আধিকারিক ও কর্মীরা। কর্মসূচির মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সময়মতো প্রাণীদের টিকাকরণ এবং মানুষ ও প্রাণী উভয়ের সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।